জামাইষষ্ঠীতে স্বস্তির রেশ কাটবে কীসে, কমলা সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের!
জামাইষষ্ঠীর আবহে রাজ্যজুড়ে চলছে আবহাওয়ার খামখেয়ালিপনা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে এখনই মুক্তি মিলছে না। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শেষভাগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দিনের বেলায় উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে।
বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে বেশ কিছু জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দিঘা ও পূর্ব মেদিনীপুরে শনিবার ঝড়-বৃষ্টির পাশাপাশি রবিবার থেকে পরবর্তী কয়েকদিন বজ্রপাতের হলুদ সতর্কতা জারি রয়েছে। তীব্র সৌর বিকিরণ ও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে একদিকে যেমন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, তেমনই ভ্যাপসা গরম ও অস্বস্তিতে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।