জলঢাকার স্রোতে তলিয়ে শিশুর করুণ মৃত্যু, ঝাঁপ দিয়ে তিন বন্ধুকে বাঁচালেন ‘হিরো’ ভলেন!
ময়নাগুড়িতে নদীতে তলিয়ে নিখোঁজ কিশোরের দেহ উদ্ধার, সাহসিকতায় তিনজনকে বাঁচালেন স্থানীয় বাসিন্দা
ময়নাগুড়ির রামসাই বারোহাটি এলাকার জলঢাকা নদীতে স্নান করতে নেমে চার কিশোরের তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার দুপুরে ঋক দেবনাথ, ঋজু দেবনাথ, জয়দীপ সাহা ও আকাশ সাহা নামের ওই চার বন্ধু নদীতে নামলে তীব্র স্রোতের কবলে পড়ে। সেই সময় মাছ ধরারত ৫৫ বছর বয়সী ভলেন রায় চিৎকার শুনে নদীতে ঝাঁপিয়ে পড়েন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি থার্মোকলের সাহায্যে তিন কিশোরকে উদ্ধার করতে সক্ষম হলেও স্রোতের তীব্রতায় ১২ বছর বয়সী ঋক দেবনাথ তলিয়ে যায়।
খবর পেয়ে ময়নাগুড়ি থানা পুলিশ ও সিভিল ডিফেন্স উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থলের দুর্গম পথ ও কাদা পেরিয়ে ডুবুরিরা দীর্ঘ তল্লাশি চালিয়ে বিকেল সাড়ে ৫টা নাগাদ ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ঋকের নিথর দেহ উদ্ধার করে। পরিবার সূত্রে জানা গেছে, বন্ধুরা ক্রিকেট খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়ে পরিবারের অজান্তেই নদীতে স্নান করতে গিয়েছিল। উদ্ধারকারী ভলেন রায়ের এই সাহসিকতার প্রশংসা করেছেন ময়নাগুড়ির বিডিও সৌমেন দাস।