ছোট নার্সিংহোমেও এবার মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা!
রাজ্যের পিছিয়ে পড়া মানুষের চিকিৎসা সুবিধা আরও সহজ করতে আগামী ১৬ আগস্ট থেকে ‘আয়ুষ্মান ভারত’ যোজনার অধীনে ক্যাশলেস চিকিৎসার পরিধি বাড়ানো হচ্ছে। এখন থেকে বড় হাসপাতালের পাশাপাশি রাজ্যের প্রায় আড়াই হাজার ছোট ও মাঝারি নার্সিংহোমেও এই প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে। শুক্রবার ‘অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিং হোম’-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় এই ঘোষণা দেন।
নতুন এই ব্যবস্থার আওতায় এক হাজারেরও বেশি ধরনের অস্ত্রোপচার ও চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। যে সমস্ত নার্সিংহোমের এনএবিএইচ (NABH) বা এনএবিএইচএল (NABHL) স্বীকৃতি রয়েছে, তারা নির্ধারিত রেটের চেয়ে ১০ শতাংশ অতিরিক্ত ইনসেনটিভ পাবে। এছাড়া, নার্সিংহোমগুলোর লাইসেন্স সংক্রান্ত জটিলতা কমাতে রাজ্য স্বাস্থ্যদপ্তর ‘ওয়ান উইন্ডো’ বা একক জানালা ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে, যার মাধ্যমে ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট, ফায়ার লাইসেন্সসহ বিভিন্ন অনুমোদন এখন থেকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমেই পাওয়া যাবে।