ছবি তোলার বায়না নিয়ে ট্রাম্প ও মেলোনির প্রকাশ্য সংঘাত!
ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে ছবি তোলাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার সম্পর্ক নতুন করে বিতর্কের মুখে পড়েছে। ইটালির এক সংবাদমাধ্যমে ট্রাম্প দাবি করেন, মেলোনি তাঁর সঙ্গে ছবি তোলার জন্য রীতিমতো বায়না ধরেছিলেন এবং মেলোনির সম্মানের খাতিরেই তিনি ছবি তুলতে রাজি হয়েছিলেন। তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবিকে সম্পূর্ণ ‘মনগড়া’ ও ‘ভিত্তিহীন’ বলে তীব্র প্রত্যাখ্যান করেছেন মেলোনি। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, ইটালি কারও কাছে কোনো কিছু ভিক্ষা করে না।
পশ্চিম এশিয়ায় আমেরিকার নীতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও রোমের মধ্যে চলমান কূটনৈতিক টানাপড়েনের আবহে এই মন্তব্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে ইটালির উপপ্রধানমন্ত্রী আন্তোনিও তাজানি তাঁর পূর্বনির্ধারিত মার্কিন সফর বাতিল করেছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনার ফলে একসময়ের বন্ধুভাবাপন্ন দুই নেতার কূটনৈতিক সম্পর্কের সংকট আরও ঘনীভূত হয়েছে।