ছবিতে লাথি, এসএফআইয়ের জন্মদিনে রণক্ষেত্র! – বর্তমান বাংলা

ছবিতে লাথি, এসএফআইয়ের জন্মদিনে রণক্ষেত্র! – বর্তমান বাংলা

বাঁকুড়ায় সিপিআইএম পার্টি অফিসের সামনে এসএফআই-এর বুক স্টলে ভাঙচুর, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব বামেরা

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বাঁকুড়া শহরের ইস্কুলডাঙা এলাকায় সিপিআইএমের জেলা পার্টি অফিসের ঠিক উল্টোদিকে এসএফআই পরিচালিত একটি বুক স্টলে ভাঙচুরের অভিযোগ উঠল। প্রয়াত ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তের জন্মদিন উপলক্ষে ‘লালমাটির বৈঠকখানা’ নামে ওই স্টলটি খোলা হয়েছিল। এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে গোটা এলাকায়।

এসএফআই সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর পরদিন দুপুরে আচমকাই চারজন দুষ্কৃতী স্টলে চড়াও হয়। অভিযোগ, তারা স্টলে রাখা বইপত্র, চেয়ার ও টেবিল ভাঙচুর করে ছুড়ে ফেলে দেয়। এ সময় স্টলে রাখা সুদীপ্ত গুপ্তের ছবিতেও লাথি মারা হয়েছে বলে বাম নেতৃত্বের অভিযোগ। ঘটনার খবর পেয়ে সিপিআইএমের জেলা সম্পাদক ও প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতীরা তাঁর ওপর চড়াও হয়। দেবলীনা দেবীর মোবাইল ফোনটিও কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ।

এই হামলার পেছনে বিজেপি ও আরএসএস-এর হাত রয়েছে বলে দাবি করেছে বাম শিবির। ক্ষুব্ধ এসএফআই কর্মীদের হুঁশিয়ারি, অবিলম্বে অভিযুক্তদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে নামবে সংগঠন।

যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির জেলা নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই। এটি বামেদের গোষ্ঠীদ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ বলে তারা মন্তব্য করেছে।

ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কালীপুজোর সময় রাজ্যের বিভিন্ন স্থানে বামেদের বুক স্টলে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই বাঁকুড়ার এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *