চীনের প্রেমিকের টাঙ্গাইল আগমন, পরিবারের বাধায় বিচ্ছেদ তবুও কী ফিরবেন তিনি? – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচয় থেকে প্রেম, আর সেই ভালোবাসার টানেই চীন থেকে সোজা বাংলাদেশের টাঙ্গাইলে ছুটে এসেছিলেন ২৫ বছর বয়সী যুবক দং লিয়াং। উদ্দেশ্য ছিল সখীপুরের তরুণী আশিতাকে বিয়ে করা। তবে ভিসার স্বল্প মেয়াদ এবং মানবপাচার ও প্রতারণার আশঙ্কায় তরুণীর পরিবার আপাতত তাঁকে ফেরত পাঠিয়েছে। তবে হাল ছাড়তে নারাজ লিয়াং; নতুন ভিসা নিয়ে ফিরে এসে ধর্মীয় রীতি মেনে আশিতাকে বিয়ে করতে চান তিনি।
জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে একটি অনলাইন অ্যাপের মাধ্যমে আশিতার সঙ্গে পরিচয় হয় লিয়াংয়ের। সম্পর্কের পর শনিবার সন্ধ্যায় তিনি ঢাকা থেকে টাঙ্গাইলের সখীপুর বাজারে পৌঁছান। আশিতা নিজেই তাঁকে অভ্যর্থনা জানিয়ে বাড়িতে নিয়ে যান এবং সেখানে তিনি প্রায় ছয় ঘণ্টা অবস্থান করেন।
তবে লিয়াংয়ের ভিসার মেয়াদ আর মাত্র ৯ দিন বাকি থাকায় এবং ভিনদেশি যুবকের পরিচয় নিয়ে আশঙ্কার কারণে তরুণীর পরিবার আপত্তি তোলে। স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, প্রতারণা বা মানবপাচারের ঝুঁকি এড়াতে স্থানীয় প্রশাসনের সহায়তায় রাতেই একটি ভাড়া গাড়িতে লিয়াংকে ঢাকায় চীনা দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়।
তরুণীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চীন ফিরে গিয়ে উপযুক্ত কাগজপত্র ও দীর্ঘমেয়াদি ভিসা নিয়ে পুনরায় এলে বিয়ের বিষয়টি ভেবে দেখা হবে। অন্যদিকে দং লিয়াং জানিয়েছেন, তিনি ভিসার মেয়াদ বাড়িয়ে আবার বাংলাদেশে আসবেন এবং ধর্মীয় রীতি মেনে আশিতাকে বিয়ে করবেন। সংবাদমাধ্যমকে আশিতাও জানান, তিনি লিয়াংকেই বিয়ে করতে চান। সখীপুর থানার ওসি মুরাদ হোসেন জানিয়েছেন, তরুণী যেন কোনোভাবেই প্রতারিত না হন, সেদিকে পুলিশ নজর রাখছে।