চাকরি দেওয়ার নামে ৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, গ্রেপ্তার এড়াতে হাইকোর্টের দ্বারস্থ মানস ভুঁইয়া!
চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইঞার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। প্রতারণার অভিযোগে পুলিশের নোটিস পাওয়ার পর গ্রেপ্তারির আশঙ্কায় তিনি কলকাতা হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন জানিয়েছেন। এর আগে মেদিনীপুর জেলা আদালতে তাঁর আগাম জামিনের শুনানি স্থগিত হয়ে যাওয়ার পরই তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন।
সবংয়ের বাসিন্দা বিকাশ কুমার টুংয়ের অভিযোগ, ২০২৬ সালের নির্বাচনের আগে তৃণমূল নেতা শেখ আবু কালাম বক্স ও ভোলানাথদের মাধ্যমে এবং মানস ভুঁইঞার মধ্যস্থতায় তাঁর স্ত্রীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫ লক্ষ টাকা নেওয়া হয়। গত ১ মার্চ মঞ্জু সাহু টুং নামে ওই গৃহবধূকে কাজে নিয়োগ করলেও, মাত্র দু’মাসের মাথায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁর চাকরি বাতিল করে দেওয়া হয়। এই ঘটনায় সবং থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪) ও ৬১(২) ধারায় মামলা দায়ের হয়েছে। এদিকে, মানস ভুঁইঞা তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, ৫৬ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর ভাবমূর্তি স্বচ্ছ রয়েছে। বর্তমানে উচ্চ আদালত তাঁকে আইনি সুরক্ষা দেয় কি না, সেদিকেই তাকিয়ে স্থানীয় রাজনৈতিক মহল।