গোঁফ কামিয়ে মলদ্বীপে পালানোর ছক! ৭ কোটির দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতা এখন জেল হেফাজতে
হুগলির আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা স্বপন নন্দীকে গ্রেফতার করেছে হুগলি গ্রামীণ পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT)। গ্রিন সিটি প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত এই নেতা কেরল থেকে মালদ্বীপ যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের জালে ধরা পড়েন। পুলিশকে ফাঁকি দিতে তিনি নিজের গোঁফ কামিয়ে ভোল বদলে ফেলেছিলেন। সোমবার তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
তদন্তে উঠে এসেছে, পুরসভার ৭ কোটি ৪০ লক্ষ টাকার সোলার প্যানেল প্রকল্পে অযোগ্য সংস্থাকে বরাত দিয়ে কাজ না করেই সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। এছাড়া চেয়ারম্যান পদ ছাড়ার সময় তিনি পুরসভার কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও নথি মুছে ফেলেছিলেন, যা পরে গুগল ক্লাউড থেকে উদ্ধার করে পুলিশ। বর্তমান পুরপ্রধান সমীর ভাণ্ডারীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে স্থানীয়ভাবে রাজনৈতিক বিতর্ক তৈরি হলেও, ধৃত স্বপন নন্দী যাবতীয় অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন এবং চিকিৎসার প্রয়োজনে তাঁর কেরল যাওয়ার কথা জানিয়েছেন।