গডকড়ির সফরে পরিকাঠামো উন্নয়নের স্বপ্ন দেখছেন দিলীপ ঘোষ, ‘বিশ্বকর্মা’ আখ্যা কেন্দ্রীয় মন্ত্রীকে

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নীতিন গডকড়ির সম্ভাব্য পশ্চিমবঙ্গ সফরকে ঘিরে আশার কথা শোনালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কেন্দ্রীয় মন্ত্রীকে ‘বিশ্বকর্মা’ আখ্যা দিয়ে তিনি বলেন, গডকড়ি কখনও কাউকে নিরাশ করেন না। তাঁর আশা, এই সফরের মাধ্যমে রাজ্যে নতুন পরিকাঠামো উন্নয়নের ঘোষণা হবে এবং ঝুলে থাকা পুরোনো প্রকল্পগুলোর কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে।
দিলীপ ঘোষের দাবি, এর আগেও নীতিন গডকড়ি রাজ্যের রাস্তাঘাট ও সবুজ করিডরের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন। কিন্তু তৎকালীন রাজ্য সরকারের অসহযোগিতার কারণে সেই কাজগুলো সঠিকভাবে এগোয়নি। তবে এবার ‘ডবল ইঞ্জিন সরকার’-এর আমলে রাজ্য ও কেন্দ্র হাত মিলিয়ে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
ফারাক্কায় দ্বিতীয় সেতুর উদ্বোধন এবং খড়গপুর-মোরগ্রাম সবুজ করিডর ও কাঁসাই নদীর উপর দ্বিতীয় সেতুর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো নিয়ে এই সফরে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিজেপি নেতা।
পাশাপাশি, এদিন সাংবাদিক বৈঠকে আসানসোলে পুলিশের গুলি চালানোর ঘটনা, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের অভিযোগ এবং রাজ্যে অবৈধ অনুপ্রবেশের মতো বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয়েও নিজের মতামত তুলে ধরেন দিলীপ ঘোষ।