ক্যানসারের ওষুধের দাম কমল এক ধাক্কায়, সাধারণ মানুষের সাশ্রয় হাজার হাজার কোটি টাকা! – বর্তমান বাংলা

ক্যানসারের ১৩৭টি ওষুধের দাম কমল, সাশ্রয় হবে সাড়ে ৩ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত ১৩৭টি ওষুধের বাণিজ্যিক মুনাফা বা ‘ট্রেড মার্জিন’-এর ওপর কঠোর সীমা আরোপ করেছে জাতীয় ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ)। স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে নেওয়া এই সিদ্ধান্তের ফলে সাধারণ রোগীদের বার্ষিক প্রায় ৩,৫৪০.৩৮ কোটি টাকা সাশ্রয় হবে বলে সরকারি হিসাবে জানানো হয়েছে।
এনপিপিএ-এর তথ্য অনুযায়ী, দেশের ৮৫টি ওষুধ প্রস্তুতকারী সংস্থা তাদের ১২১টি ক্যানসার ওষুধের ১,৩৬৪টি ফর্মুলেশনের সংশোধিত মূল্য তালিকা জমা দিয়েছে। নতুন এই নির্দেশনার ফলে ওষুধের দামে বড় ধরনের হ্রাস লক্ষ্য করা গেছে। এর মধ্যে ৬৭৯টি ব্র্যান্ডের ওষুধের দাম ৫০ শতাংশেরও বেশি কমানো হয়েছে। কিছু ক্ষেত্রে ওষুধের দাম সর্বোচ্চ ৯৬.৪৫ শতাংশ পর্যন্ত কমেছে।
সরকার কড়া নির্দেশ দিয়েছে, এখন থেকে কোনো হাসপাতাল বা খুচরো ওষুধের দোকান নির্ধারিত নতুন এমআরপি-র (MRP) চেয়ে বেশি দাম নিতে পারবে না। সাধারণ মানুষ যাতে সহজেই ওষুধের সঠিক দাম যাচাই করতে পারেন, তার জন্য ডিজিটাল ব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
সাধারণ মানুষ ‘ফার্মা সহ দাম’ (Pharma Sahi Daam) অ্যাপ অথবা এনপিপিএ-র সরকারি ওয়েবসাইট (nppa.gov.in)-এ গিয়ে যে কোনো সময় ওষুধের সঠিক দাম দেখে নিতে পারবেন। অসাধু উপায়ে অতিরিক্ত দাম নেওয়া রোধ করতে সরকার একটি অভিযোগ ব্যবস্থা চালু করেছে। কোনো বিক্রেতা বা হাসপাতাল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম দাবি করলে ‘ফার্মা জন সমাধান’ (Pharma Jan Samadhan) পোর্টালে অথবা এনপিপিএ-র হেল্পলাইন নম্বর ১৮০০-১১১-২৫৫-এ কল করে সরাসরি অভিযোগ জানানো যাবে।