কালবৈশাখীর তাণ্ডব নাকি স্বস্তির বৃষ্টি, লক্ষ্মীবারেই বড় আপডেট দিল হাওয়া অফিস!

বর্তমান ডেস্কঃ

উত্তর বাংলাদেশ ও তৎসংলগ্নে অবস্থানরত ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল, শুক্রবার পর্যন্ত আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর ফলে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবে আজ বৃহস্পতিবার বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া এবং উত্তর ২৪ পরগনায় ৫০-৬০ কিমি বেগে ঝড় হতে পারে। এছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ এপ্রিল বা শুক্রবার গোটা দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী সাত দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামী দু’দিনে সর্বোচ্চ তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে এবং আগামী ২০ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় এই পরিস্থিতি বজায় থাকবে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কড়া রোদে থাকা এড়িয়ে চলা এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *