কলকাতা মেট্রোর ব্লু লাইনে টানা পাঁচ রবিবার আংশিক পরিষেবা বন্ধ

কলকাতা মেট্রোর ব্লু লাইনে আগামী ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ও ১৩ ডিসেম্বর পরিষেবা ব্যাহত থাকবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য মেট্রো কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন। এই পাঁচ রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্লু লাইনের নির্দিষ্ট অংশে ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে পরিষেবা বন্ধ রাখা হবে।
মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে না। তবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে। ১৩ ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করবে।
উল্লিখিত দিনগুলিতে সন্ধ্যা ৬টার পর থেকে ব্লু লাইনের পুরো পথে অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই দিনগুলিতে জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বরগামী সরাসরি কোনো মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষ পরিবর্তিত সময়সূচি মেনে চলার পরামর্শ দিয়েছেন।