কত ‘খারিজি’ মাদ্রাসা রাজ্যে! কড়া ব্যবস্থার পথে সরকার, তলব রিপোর্ট

রাজ্যের অনিবন্ধিত, স্বীকৃতিহীন এবং ব্যক্তি উদ্যোগে পরিচালিত মাদ্রাসাগুলির ওপর কড়া নজরদারি শুরু করতে চলেছে রাজ্য সরকার। প্রশাসনিক নির্দেশ অনুযায়ী, আগামী ৫ জুলাইয়ের মধ্যে প্রতিটি জেলার জেলা শাসকরা তাদের অধীনস্থ এলাকার এই ধরনের মাদ্রাসাগুলির একটি পূর্ণাঙ্গ তালিকা নবান্নে জমা দেবেন। সরকারি নির্দেশ উপেক্ষা করলে কিংবা তথ্য গোপন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া বা বেআইনি পরিকাঠামো ভেঙে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের মাধ্যমে এই মাদ্রাসাগুলির অর্থের উৎস, পাঠ্যক্রম, শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের তথ্যাদি খতিয়ে দেখার পরিকল্পনাও রয়েছে প্রশাসনের।

নিরাপত্তার খাতিরে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। ২০১৪ সালের বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের পরবর্তী তদন্তে সীমান্তবর্তী এলাকার কিছু তথাকথিত ‘খারিজি’ মাদ্রাসা চরমপন্থী কাজে ব্যবহৃত হওয়ার অভিযোগ ওঠার প্রেক্ষিতে বর্তমান সরকার এই বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমানে সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্বীকৃত মাদ্রাসার বাইরে যেসব অনিবন্ধিত ও স্বীকৃতিহীন মাদ্রাসা রয়েছে, স্বচ্ছতা ও নিরাপত্তার স্বার্থে সেগুলোকে সরকারি নথিবদ্ধ কাঠামোর আওতায় আনাই প্রশাসনের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *