ওয়াশিংটন ডিসির লোগান সার্কেলে গুলির ঘটনা, আহত অন্তত পাঁচ

আমেরিকার ওয়াশিংটন ডিসির লোগান সার্কেল এলাকায় ভয়াবহ গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিট নাগাদ ১৫শ এবং পি স্ট্রিট নর্থওয়েস্ট এলাকায় এই ঘটনাটি ঘটে। মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, এই ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর থেকেই এলাকাটিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং পুলিশি তৎপরতা তুঙ্গে রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে মেট্রোপলিটন পুলিশের ইমার্জেন্সি রেসপন্স টিম। ১৫শ স্ট্রিট নর্থওয়েস্টের ১৫০০ ব্লকে একটি ব্যারিকেড পরিস্থিতি তৈরি হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সন্দেহভাজন বন্দুকবাজকে ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে ডুপন্ট সার্কেল এবং লোগান সার্কেলের বেশ কিছু অংশে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আকাশপথে হেলিকপ্টার টহল দিচ্ছে। নিরাপত্তার খাতিরে আশেপাশের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় কাউন্সিল সদস্য ব্রুক পিন্টো বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। হোয়াইট হাউস থেকে মাত্র এক মাইল দূরে অবস্থিত এই ব্যস্ত এলাকায় কেন এবং কীভাবে এই হামলা হলো, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ ও এটিএফ-এর আধিকারিকরা।