এক মাসেই কোষাগারে ৭২ কোটি? বীরভূমের পাথর শিল্পে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ!

বীরভূমের পাথর শিল্পে রাজস্ব সংগ্রহে নতুন ও কঠোর মাল্টি-ডিপার্টমেন্টাল ব্যবস্থা চালু হওয়ার প্রথম মাসেই রাজ্য সরকারের কোষাগারে জমা পড়েছে প্রায় ৭২ কোটি ৭৮ লক্ষ টাকা। গত ১৭ মে থেকে জেলার ৯টি রাজস্ব আদায় কেন্দ্রে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, পুলিশ, সাধারণ প্রশাসন এবং মোটর ভেহিকল দপ্তরের যৌথ নজরদারি শুরুর পর এই সাফল্য অর্জিত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, আগের পদ্ধতিতে বেসরকারি সংস্থার মাধ্যমে রাজস্ব আদায়ের সময় প্রতিদিন গড়ে মাত্র ১৯ লক্ষ টাকা জমা পড়ত, যা নয়া ব্যবস্থার ফলে বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

এই বিপুল রাজস্ব আদায়ের পরিসংখ্যান সামনে আসার পর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ তুলেছেন সিউড়ির বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, অতীতে জাল ডিসিআর ব্যবহারের মাধ্যমে বীরভূমের পাথর শিল্প থেকে প্রায় ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। প্রশাসনিক কর্মকর্তাদের মতে, বর্তমান নজরদারি বজায় থাকলে পাথর শিল্প থেকে দৈনিক প্রায় ৩ কোটি টাকা এবং বছরে অন্তত ১ হাজার কোটি টাকা সরকারি রাজকোষে জমা পড়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *