একুশে জুলাইয়েই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ, মমতার হুঙ্কার!
২১ জুলাই শহিদ দিবস পালন নিয়ে জল্পনার অবসান, ঘোষণা মমতার
কলকাতা: তৃণমূল কংগ্রেসের বর্তমান প্রতিকূল পরিস্থিতিতেও আগামী ২১ জুলাই শহিদ দিবস পালনের বিষয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তর কলকাতায় দলীয় এক কর্মীসভায় বিধায়ক কুণাল ঘোষের ফোনের মাধ্যমে মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, যেকোনো পরিস্থিতিতেই এই কর্মসূচি পালিত হবে। তিনি বলেন, “তৃণমূলের একটাই অনুষ্ঠান, তা হবেই। ঝড়-জল যাই হোক, পাঁচজন কর্মী থাকলেও সেদিন মিটিং হবে।” ১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে নিহত ১৩ জন কর্মীর স্মরণে প্রতি বছর এই দিনটি পালন করে ঘাসফুল শিবির।
রাজনৈতিক অস্থিরতা ও টানা-পোড়েনের মুখে দাঁড়িয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর বার্তা দিয়েছেন। তিনি বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকার মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে এবং শিশুদের খাদ্যসামগ্রী থেকেও বঞ্চিত করছে। এছাড়া দলত্যাগীদের ‘সুবিধাবাদী’ আখ্যা দিয়ে ফিরে আসার আহ্বান জানান তিনি। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির কর্মকাণ্ডের তীব্র নিন্দা করে মমতা বলেন, পরিবারের ওপর ঝড় এলেও তাঁরা লড়াই চালিয়ে যাবেন। ২১ জুলাই শহিদ তর্পণের দিনেই সবকিছুর জবাব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।