উত্তরপাড়ায় তৃণমূল কাউন্সিলর ও অন্তঃসত্ত্বা স্ত্রীর ওপর নৃশংস হামলা!
হুগলির উত্তরপাড়ায় ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অর্ণব রায় ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীর ওপর হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সন্ধ্যায় মাখলায় নিজের ভগ্ন পার্টি অফিসে বসে থাকার সময় অর্ণব রায়ের ওপর এই হামলার অভিযোগ ওঠে। স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে লোহার রড, চেন ও বাঁশ নিয়ে হামলার অভিযোগ করেছেন কাউন্সিলর। এই ঘটনায় কাউন্সিলরের হাত ও ঘাড়ে আঘাত লেগেছে, তবে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ও মা অক্ষত রয়েছেন। উত্তরপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অভিযোগকারী কাউন্সিলরের দাবি, স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতি গৌতম মাঝি ও অর্পিতা রায়ের নেতৃত্বে প্রায় ৩০টি বাইকে আসা একটি সশস্ত্র বাহিনী এই হামলা চালিয়েছে। গত কয়েকদিন আগেই কাউন্সিলরের পার্টির অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছিল, সেই সূত্র ধরেই এই পরিকল্পিত হামলা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে, বিজেপি নেতা গৌতম মাঝি তাঁর দলের যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, শাসকদলের অভ্যন্তরীণ কোন্দল বা স্থানীয় ক্ষোভ থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনার পর এলাকায় চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ।