আদালতেই নাটকীয় মোড়, ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী!
দিল্লির একটি ফ্যামিলি কোর্টে পাঁচ বছরের আইনি লড়াইয়ের পর বিবাহবিচ্ছেদের চূড়ান্ত শুনানির দিনে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল আদালত। বিচ্ছেদের সপক্ষে সওয়াল-জওয়াব চলাকালীন হঠাৎই শিখা নামের এক স্ত্রী তাঁর স্বামীর আইনি নথিপত্র ছিঁড়ে ফেলে জড়িয়ে ধরেন স্বামী সৌরভকে। দীর্ঘদিনের তিক্ততা ভুলে এই দম্পতির পুনর্মিলনের একটি ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
২০২০ সালে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কিছুকাল পর থেকেই সৌরভ ও শিখার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং তাঁরা দীর্ঘ পাঁচ বছর আলাদা থাকছিলেন। সম্প্রতি শিখার বাবা হৃদরোগে আক্রান্ত হলে আর্থিক অনটনের মুখে পড়েন তাঁদের পরিবার। খবর পেয়ে সৌরভ নিজে এগিয়ে এসে তাঁর শ্বশুরকে গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান এবং চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন। জামাইয়ের এই নিঃস্বার্থ মানবিকতায় সুস্থ হয়ে ওঠেন শিখার বাবা।
শ্বশুরের সুস্থতার পরদিন মামলার শুনানির সময় বিচারক সৌরভকে ডিভোর্সের বিষয়ে চূড়ান্ত প্রশ্ন করলে তৈরি হয় নাটকীয় মুহূর্ত। সৌরভ নীরব থাকলেও শিখা তাৎক্ষণিকভাবে আসন ছেড়ে উঠে এসে বিচ্ছেদের আইনি কাগজগুলো ছিঁড়ে ফেলেন এবং স্বামীকে জড়িয়ে ধরেন। এমন মানবীয় আচরণে আইনি লড়াইয়ের ইতি টেনে সম্পর্ক টিকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি, যা আদালত প্রাঙ্গণে এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।