ইরানে গায়িকাকে ৭৪টি বেত্রাঘাত, ‘ঘৃণ্য’ আখ্যা দিয়ে নিন্দা জানাল জাতিসংঘ

ইরানের গায়িকা পরস্তু আহমাদিকে বাধ্যতামূলক হিজাব না পরে কনসার্টে গান গাওয়ার অপরাধে ৭৪টি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে। এই ঘটনায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি এই শাস্তিকে 'ঘৃণ্য' বলে অভিহিত করেছে এবং ইরানকে অবিলম্বে এই অমানবিক প্রথা বাতিল করার আহ্বান জানিয়েছে।
আন্তর্জাতিক আইনের অধীনে বেত্রাঘাতকে নির্যাতন বা নিষ্ঠুর ও অবমাননাকর শাস্তি হিসেবে গণ্য করা হয়, যা সব পরিস্থিতিতেই নিষিদ্ধ। পরস্তু আহমদীর আইনজীবী মোস্তফা নিলি নিশ্চিত করেছেন যে, কওম প্রসিকিউটর অফিসের সাজা প্রয়োগকারী ইউনিটে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।
একই অপরাধে আহমদীর কনসার্ট দলের আরও চার সদস্য—মোহসেন লস্করি, সোহেল ফাগিহ-নাসিরি, আমিন তাহেরি এবং আমির-আলি পিরনিয়াকেও সমপরিমাণ বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তির ঘটনাটি বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বরে কওমের কাছে ঐতিহাসিক দেইর-ই গাচিন কারাভানসেরাইতে চিত্রায়িত একটি কনসার্ট থেকে। অনলাইনে প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, আহমাদি হিজাব ছাড়াই পুরুষ সঙ্গীতশিল্পীদের সঙ্গে গান গাইছেন। রক্ষণশীল ধর্মীয় পরিবেশের জন্য পরিচিত কওম শহরে এই ঘটনাটি ইরানের বাধ্যতামূলক হিজাব আইনের সরাসরি লঙ্ঘন হিসেবে গণ্য করা হয়।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জোর দিয়ে বলেছেন, ইরানকে অবিলম্বে এই ধরনের শাস্তি কার্যকর করা থেকে বিরত থাকতে হবে এবং আইন থেকে এই প্রথা নির্মূল করতে হবে।