গাইঘাটায় তালা ভেঙে চুরি, ৭ লক্ষ টাকা খোয়া, বাড়িতেই মদের আসর বসাল দুষ্কৃতীরা

উত্তর ২৪ পরগনার গাইঘাটার ছোট সেহানা গ্রামে এক সিভিল কন্ট্রাক্টরের বাড়িতে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিক হেমন্ত সরকার কর্মসূত্রে হায়দরাবাদে থাকেন। সম্প্রতি তিনি সপরিবারে দক্ষিণ দিনাজপুরে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা বাড়ির গেট ও ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এসে দেখেন, ঘরের সমস্ত আসবাবপত্র তছনছ করা হয়েছে। লকার ভেঙে প্রায় ৭ লক্ষ টাকা নগদ চুরি হয়েছে। চুরির পাশাপাশি দুষ্কৃতীরা বাড়ির ভেতরেই মদ্যপানের আসর বসিয়েছিল বলে অভিযোগ। তারা রান্নাঘরে ঢুকে ফ্রিজ থেকে খাবার বের করে ভূরিভোজও করে। এমনকি মদের চাট তৈরির জন্য রান্নাঘর ব্যবহার করা হয়েছে এবং যাওয়ার সময় ফ্রিজ থেকে ডিমও নিয়ে গিয়েছে চোরেরা।

নগদ টাকার পাশাপাশি কাঁসা-পিতলের সামগ্রী, ঠাকুরঘরের মূর্তি এবং জমির দলিলসহ একাধিক গুরুত্বপূর্ণ নথি খোয়া গেছে। বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটিও দুষ্কৃতীরা খুলে নিয়ে গেছে। ঘটনার খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের বাইরে যাওয়ার খবর দুষ্কৃতীরা আগে থেকেই জানত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *