সমাজমাধ্যমে পোস্টের মামলায় ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সমাজমাধ্যমে পোস্টের মামলায় ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সমাজমাধ্যমে বিতর্কিত পোস্টের জেরে তলব পেয়ে ভবানীপুর থানায় হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২ মে এক্স হ্যান্ডেলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে একটি পোস্ট করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। ওই পোস্টের প্রেক্ষিতে ২৭ মে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সেই মামলার তদন্তের স্বার্থেই পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়। শনিবার বেলা সাড়ে ১২টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ থাকলেও, নির্ধারিত সময়ের আগেই তিনি থানায় পৌঁছান।

অভিষেকের ওই পোস্টের বিরুদ্ধে ভবানীপুরের বাসিন্দা অর্ণবকান্তি দাস থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগকারীর দাবি, মুখ্য নির্বাচন কমিশনারকে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে মন্তব্য করে ঘৃণা ছড়ানোর চেষ্টা করেছেন সাংসদ। এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় বিদ্বেষ ছড়ানো, হিংসাত্মক আহ্বান, বিশৃঙ্খলা সৃষ্টি এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে প্ররোচনার মতো গুরুতর অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগকারীর মতে, এই ধরনের মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকর।

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগে বিভিন্ন থানায় মামলা দায়ের হয়েছে। এর আগে শুক্রবার অন্য একটি মামলায় পুলিশ তাঁর বাড়িতে হাজিরার নোটিস দিয়ে এসেছিল। গিরিশ পার্ক থানায় দায়ের হওয়া সেই মামলায় আগামী ২০ নভেম্বর তাঁকে তলব করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই মামলায় সাংসদের বিরুদ্ধে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। সব মিলিয়ে আইনি জটিলতার মধ্যেই শনিবার ভবানীপুর থানায় হাজিরা দিলেন তৃণমূলের এই শীর্ষ নেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *