আবাস যোজনার টাকা আত্মসাৎ: বৃদ্ধাকে নোটিশ, অভিযুক্ত তৃণমূল নেতা অধরা

ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকে আবাস যোজনার টাকা আত্মসাতের এক গুরুতর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মদিনা বিবি মোল্লা নামে এক বৃদ্ধা অভিযোগ করেছেন, সরকারি প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা তাঁর ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ার পর স্থানীয় তৃণমূল নেতা বুলা শেখ তাঁর বাড়িতে দলবল নিয়ে চড়াও হন।

বৃদ্ধার দাবি, তাঁকে হুমকি দেওয়া হয় যে, টাকা তুলে অভিযুক্তদের হাতে না দিলে তাঁকে এলাকা ছাড়া করা হবে। এই ভয়ে তিনি ব্যাংক থেকে টাকা তুলে অভিযুক্তদের হাতে তুলে দিতে বাধ্য হন।

এদিকে, বাড়ি তৈরি না হওয়ায় ব্লক প্রশাসনের পক্ষ থেকে মদিনা বিবিকে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি তৈরি না করলে বরাদ্দ টাকা ফেরত দিতে হবে। যে টাকা তিনি নিজের কাজে খরচ করেননি, সেই টাকা কীভাবে ফেরত দেবেন, তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মদিনা বিবি। তিনি প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন, কিন্তু অভিযুক্তরা এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।

মদিনা বিবির আত্মীয় মঞ্জিরা বিবি দাবি করেছেন, বিধবা হিসেবে আবাস যোজনার তালিকায় নাম আসার পর সরকারি নিয়ম মেনেই টাকা ঢুকেছিল। কিন্তু অভিযুক্ত নেতা ভুল করে টাকা ঢোকার অজুহাত দেখিয়ে সেই টাকা হাতিয়ে নিয়েছেন।

ডায়মন্ড হারবার ২ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি উত্তম বাগের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও তোলাবাজি ও মারধরের নজির রয়েছে। তিনি দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের বিডিও তীর্থঙ্কর বিশ্বাস জানিয়েছেন, বৃদ্ধার কাছ থেকে একটি লিখিত অভিযোগপত্র পাওয়া গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযুক্ত তৃণমূল নেতা বুলা শেখের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনিক তদন্তে প্রকৃত সত্য কী উঠে আসে, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *