আবারও ডুববে কলকাতা! দুপুরের পরই কি ফিরছে দুর্যোগ?
কলকাতায় শুক্রবার সকালে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও দুপুরের পর থেকে ফের বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দিনের দ্বিতীয়ার্ধে কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাতের পর বৃষ্টি কিছুটা কমলেও রাজ্য এখনো দুর্যোগমুক্ত নয়।
দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির জন্য হাই অ্যালার্ট দেওয়া হয়েছে। একইসঙ্গে গত এক সপ্তাহ ধরে চলা বৃষ্টি অব্যাহত থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে, যেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
টানা বৃষ্টির জেরে রাজ্যের নিচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি উত্তরের পাহাড়ে ধস নামার আশঙ্কা রয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে কলকাতার বেশ কিছু অংশ জলমগ্ন হয়ে জনজীবন বিপর্যস্ত হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাধারণ মানুষকে অকারণে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন এবং নদী, খাল ও বড় গাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে সতর্ক করেছেন।