আদালতের পথে তৃণমূল উপপ্রধানের মাথায় ডিম! ধৃত অস্ত্রসহ ক্যানিংয়ের ইন্দ্রজিৎ
ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার তৃণমূল উপপ্রধান, থানায় বিক্ষোভ ও ডিম ছুড়ে ক্ষোভ প্রকাশ জনতার
দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার একটি ডেরা থেকে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার হয়েছেন ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ইন্দ্রজিৎ সর্দার। শুক্রবার সকালে ধৃত নেতাকে আদালতে নেওয়ার সময় ক্যানিং থানার সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এ সময় উপস্থিত উত্তেজিত জনতা ও বিজেপি কর্মীরা ‘চোর’ স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশি ঘেরাটোপের মধ্য দিয়েই ইন্দ্রজিৎ সরদারের মাথায় একের পর এক ডিম ভেঙে ক্ষোভ উছড়ে দেন স্থানীয়রা।
ইন্দ্রজিৎ সরদারের বিরুদ্ধে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম, তোলাবাজি, কাটমানি আদায়, প্রকাশ্যে মারধর ও অস্ত্র মজুতের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনায় তাঁর সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগও দীর্ঘদিনের। পুলিশ সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের উৎস এবং তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত করতে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়া হবে। এই গ্রেপ্তারের ঘটনায় ক্যানিংয়ের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।