আট ঘণ্টার ম্যারাথন তল্লাশি! মদন মিত্রের ফ্ল্যাটে ইডির হাতে কী এল?
পুর নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে শনিবার সকাল থেকে রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাসভবন, দক্ষিণেশ্বরের বাড়ি, জোকার ফ্ল্যাট এবং যদুবাবুর বাজারের পার্টি অফিসসহ একাধিক জায়গায় একযোগে এই অভিযান চালানো হয়। জোকায় মদন মিত্রের ফ্ল্যাটে টানা আট ঘণ্টা তল্লাশি চললেও সেখান থেকে বিশেষ কিছু উদ্ধার হয়নি। তবে দক্ষিণেশ্বরের বাড়ি থেকে নগদ টাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা, যা বিছানার তলায় লুকানো অবস্থায় ছিল বলে সূত্রের খবর।
একই দিনে রাজ্যজুড়ে আরও সক্রিয়তা দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর। প্রতারণা মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত রায়ের খোঁজে ভোররাতে কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাসভবনে পৌঁছায় শালবনি থানার পুলিশ। এছাড়া বেলেঘাটা ও জোকায় আরও দুই ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালায় ইডি। কামারহাটিসহ একাধিক পুরসভায় ১২৫টিরও বেশি বেআইনি নিয়োগের বিনিময়ে বিপুল পরিমাণ ঘুষ লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে এই সামগ্রিক তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে।