আজকের মেট্রো সূচিতে বড় পরিবর্তন, যাত্রীরা সতর্ক থাকুন!
মহরমের ছুটির দিনে কলকাতা মেট্রো পরিষেবায় কাটছাঁট, বহাল থাকছে প্রথম ও শেষ ট্রেনের সময়
কলকাতা: মহরমের সরকারি ছুটির দিন উপলক্ষে কলকাতা মেট্রো পরিষেবা নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। শুক্রবার যাত্রী সংখ্যা কম থাকার সম্ভাবনার কথা মাথায় রেখে মেট্রোর সংখ্যা কিছুটা কমানো হয়েছে। তবে সবকটি রুটে প্রথম এবং শেষ ট্রেনের সময় অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সূচি অনুযায়ী, ব্লু লাইনে (দক্ষিণেশ্বর – কবি সুভাষ) ২৬০টির বদলে ২১৬টি, গ্রিন লাইনে (হাওড়া ময়দান – সেক্টর ফাইভ) ২২৮টির বদলে ১৮৬টি এবং ইয়েলো লাইনে (নোয়াপাড়া – জয় হিন্দ বিমানবন্দর) ১২০টির পরিবর্তে ৯২টি ট্রেন চলাচল করবে। পাশাপাশি এই রুটে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ডিরেক্ট সার্ভিসের সংখ্যা ৭টি থেকে কমিয়ে ৪টি করা হয়েছে। তবে পার্পল লাইন (জোকা – মাঝেরহাট) এবং অরেঞ্জ লাইনের (কবি সুভাষ – হেমন্ত মুখোপাধ্যায়) পরিষেবা অন্যান্য সাধারণ ছুটির দিনের মতোই স্বাভাবিক থাকবে। যাত্রীদের সুবিধার্থে মেট্রোর পরিবর্তিত সময়সূচি অ্যাপ বা সরকারি ওয়েবসাইট থেকে দেখে নেওয়ার অনুরোধ করা হয়েছে।