অসুস্থ মায়ের টানে স্বস্তি, জামিন পেলেন সিপিএম নেতা লাহেক আলি! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
মায়ের অসুস্থতার কারণে কলকাতা হাই কোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন বারুইপুরের সিপিএম নেতা লাহেক আলি। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর এই জামিন মঞ্জুর করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের নির্দেশ অনুযায়ী, এলাকার বাইরে যেতে পারবেন না এই বামনেতা এবং তদন্তের স্বার্থে পুলিশকে সবরকম সহযোগিতা করতে হবে। গত ১২ জুলাই বারুইপুরের খোদারবাজার এলাকার বাসিন্দা লাহেককে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক অশান্তি ও হিংসার ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
প্রসঙ্গগত, গত জুন মাসে বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র অশান্তি ছড়ায়। সেই ঘটনার জেরে পরবর্তীতে এক যুবকের মৃত্যু ও পুলিশকে মারধরের মতো ঘটনা ঘটে। এই সমস্ত অশান্তিতে যুক্ত থাকার অভিযোগে সিপিএমের রাজ্য কমিটির সদস্য লাহেক আলির বিরুদ্ধে মোট ২৬টি ধারায় মামলা রুজু করা হয়। রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছিল দল। বর্তমানে মায়ের অসুস্থতার প্রেক্ষিতে তাঁর সাময়িক মুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ।