মাত্র ১ টাকায় বদলছে জীবন! অবহেলিত শিশুদের জন্য এক অনন্য পাঠশালা – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
September 4, 202612:33 pm
সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়াই করে যিনি জীবন চালান, তিনিই আজ তীরে দাঁড়িয়ে থাকা অবহেলিত শিশুদের জীবনের দিশারী। হাবড়া ও পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা ‘এক টাকার পাঠশালা’ যেন আজ এক অন্য রূপকথার নাম। গভীর সমুদ্রে আট মাস কাটিয়ে উপার্জনের বড় একটি অংশ এই স্কুলের পেছনে ব্যয় করেন পেশায় নাবিক সঞ্জীব কাঞ্জিলাল। ২০১৯ সালে শুরু হওয়া এই উদ্যোগে বিনামূল্যে নয়, বরং আত্মসম্মান বজায় রাখতে গুরুদক্ষিণা হিসেবে মাত্র এক টাকা নেওয়া হয়। একসময়ে যে শিশুরা বাবা-মায়ের সঙ্গে মাছ ধরতে যেত কিংবা পরিচারিকার কাজ করত, আজ তারা নিয়ম করে গাছের তলায় বা ফাঁকা বাগানে পাঠ নিচ্ছে। নাটক, গান ও অঙ্কনের পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় টিফিন, নতুন পোশাক ও শিক্ষা সামগ্রী।
বর্তমানে ৪০ জনেরও বেশি ছাত্রছাত্রী নিয়মিত এই পাঠশালায় আসছে। শুধু পড়ানোই নয়, সকাল-সন্ধ্যা বাড়ি বাড়ি গিয়ে কিংবা মাছ ধরার ঘাট থেকে শিশুদের ধরে এনে স্কুলে বসানোই এই পাঠশালার মূল লড়াই। বর্ষার দিনে জায়গার অভাব হলেও দমে যাননি উদ্যোক্তারা; বরং অভাবকে জয় করেই চলছে এই সোনার সংসার। সমাজের মূলস্রোত থেকে হারিয়ে যাওয়া এই শিশুদের চোখে এখন আলোর স্বপ্ন, যা প্রমাণ করে ইচ্ছা থাকলে প্রতিকূলতা পেরিয়েও ভাগ্য বদলানো সম্ভব।