ট্রেনে প্রসাদের আড়ালে মাদক মেশানো চিক্কি খাইয়ে লুট, গ্রেপ্তার ৫৯ বছর বয়সী মহিলা

চলন্ত ট্রেনে সহযাত্রীদের সঙ্গে আলাপ জমিয়ে প্রসাদ হিসেবে চিক্কি খাইয়ে অচৈতন্য করার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করেছে সোলাপুর রেলওয়ে পুলিশ। গত ১৫ সেপ্টেম্বর কর্ণাটক সুপারফাস্ট এক্সপ্রেসে কোপরগাঁও থেকে মন্ত্রালয় যাওয়ার পথে এক দম্পতি এই ঘটনার শিকার হন।
গোবিন্দ কুমারা ও তাঁর স্ত্রী যখন যাত্রা করছিলেন, তখন কামরায় থাকা গীতা দেবী ওরফে মীনা দেবী রামনরেশ থোরে নামে এক মহিলা তাঁদের সঙ্গে ভাব জমিয়ে প্রসাদ হিসেবে চিক্কি খেতে দেন। সেই খাবার খাওয়ার পরেই দম্পতি অচৈতন্য হয়ে পড়েন। এই সুযোগে অভিযুক্ত মহিলা ওই দম্পতির কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ৫০ গ্রাম ওজনের একটি সোনার মঙ্গলসূত্র চুরি করে চম্পট দেন।
জ্ঞান ফেরার পর দম্পতি সোলাপুর রেলওয়ে থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ বিভিন্ন স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের গতিবিধি শনাক্ত করে। দীর্ঘ তল্লাশির পর গত ১৬ নভেম্বর মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের ক্রান্তি চক এলাকা থেকে ৫৯ বছর বয়সী ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মহিলার বিরুদ্ধে অতীতেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। চিক্কিতে কী ধরনের মাদক মেশানো হয়েছিল এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রেলওয়ে পুলিশের তরফে যাত্রীদের সতর্ক করে জানানো হয়েছে, ট্রেন যাত্রার সময় অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার জন্য।