অবশেষে স্বস্তি, রবিবার থেকে চালু হচ্ছে বাংলাদেশিদের ভারতের টুরিস্ট ভিসা!
আগামী রবিবার, ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা পুনরায় চালু হচ্ছে। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার পর এই তথ্য নিশ্চিত করেছেন। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশ ভিসা সেবা সীমিত বা বন্ধ করে দিয়েছিল। যদিও কয়েক মাস আগে মেডিক্যাল ভিসা চালু করা হয়েছিল, তবে এবার টুরিস্ট ভিসা চালুর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড় অগ্রগতি ঘটল।
টুরিস্ট ভিসা পুনরায় চালুর এই সিদ্ধান্ত দুই দেশের অর্থনীতি ও পর্যটন খাতের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ভিসা বন্ধ থাকায় কলকাতা ও সংলগ্ন রাজ্যগুলোর হোটেল ব্যবসা এবং পর্যটন খাত সংকটের মুখে পড়েছিল। এর আগে মেডিক্যাল ভিসা চালু হওয়ার পর চিকিৎসা পরিষেবা স্বাভাবিক হতে শুরু করলেও টুরিস্ট ভিসা চালুর ফলে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মিজোরামের অর্থনীতিতে নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে।