অবশেষে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি, সপ্তাহান্তেই আবহাওয়ার ভোলবদল!

তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একটি নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় আগামী শুক্র ও শনিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে চলেছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বর্ষার দাপট অব্যাহত থাকায় আগামী রবিবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে আজ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবিদ্যুৎপাতের হলুদ সতর্কতা রয়েছে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে, যা সোমবার পর্যন্ত বজায় থাকতে পারে। বর্তমানে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকলেও রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে। এছাড়া কলকাতায় শুক্র ও শনিবার রাতের দিকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার ফলে পার্বত্য অঞ্চলে জীবনযাত্রা ও নদীর জলস্তর প্রভাবিত হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *