অপারেশন থিয়েটারে চূড়ান্ত হেনস্থা, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড ৬ সিনিয়র!

গুজরাতের ভাবনগর সরকারি মেডিক্যাল কলেজে (জিএমসি) অপারেশন থিয়েটারের ভেতরে জুনিয়র চিকিৎসকদের ওপর অমানবিক র‍্যাগিংয়ের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্যার টি হাসপাতালের অর্থোপেডিক বিভাগে প্রথম বর্ষের ১৩ জন স্নাতকোত্তর রেসিডেন্ট চিকিৎসকের ওপর ৬ জন সিনিয়র শিক্ষার্থী এই শারীরিক ও মানসিক নির্যাতন চালান। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জেডিএন-এর জাতীয় মুখপাত্র ডক্টর ধ্রুব চৌহান ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনেন, যেখানে জুনিয়রদের ‘মুরগি’ বানিয়ে রাখা, সারারাত দাঁড় করিয়ে রাখা এবং প্রতি ঘণ্টায় সেলফি পাঠানোর মতো অপমানজনক নির্দেশ দেওয়ার দৃশ্য দেখা যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর কলেজ প্রশাসন ও গুজরাত সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। কলেজের অ্যান্টি-র‍্যাগিং কমিটির দীর্ঘ বৈঠকের পর অভিযুক্ত ৬ জন সিনিয়র শিক্ষার্থীকে দোষী সাব্যস্ত করা হয়। অপরাধের মাত্রা বিবেচনায় তাদের ৬ মাস থেকে ২ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে এবং হোস্টেল থেকে তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হয়েছে। শাস্তির মেয়াদ চলাকালীন তারা কোনো ক্লিনিক্যাল বা অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। চিকিৎসাক্ষেত্রে দীর্ঘদিনের এই ক্ষমতার অপব্যবহার এবং ‘এমবিবিএস কালচার’-এর নামে চলে আসা এই অমানবিক প্রথার বিরুদ্ধে দেশের চিকিৎসা ব্যবস্থায় জুনিয়রদের মানসিক সুরক্ষা নিশ্চিত করার দাবি আরও জোরালো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *