অন্নপূর্ণা ভাণ্ডারে উপচে পড়া আবেদন, জুলাইয়েই কি মিলবে টাকা?
রাজ্যজুড়ে আয়োজিত চারদিন ব্যাপী জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া মিলেছে। সরকারের ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পে আট লক্ষেরও বেশি নতুন আবেদন জমা পড়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে তথ্য যাচাইকরণে সফল যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সুবিধা পাঠানো শুরু হবে। এছাড়া, ইতিপূর্বে আবেদন করা প্রায় ১ কোটি ৫ লক্ষ উপভোক্তার নথিপত্র যাচাইয়ের কাজও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
জনপ্রিয়তা ও চাহিদার কথা মাথায় রেখে এই শিবিরের মেয়াদ একদিন বাড়ানো হয়েছিল। চারদিনের এই মেগা শিবিরে মোট ৫৮ লক্ষেরও বেশি আবেদন জমা পড়ে, যার মধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে ২২ লক্ষ ২৩ হাজার ৯৭০টি এবং অন্নপূর্ণা ভাণ্ডারে ৮ লক্ষ ১৫ হাজার ৩৫৯টি আবেদন রয়েছে। আগামী দিনেও সাধারণ মানুষের চাহিদার প্রেক্ষিতে এই ধরনের শিবিরের আয়োজন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।