PoK নয়, নোয়াখালি, সিলেট, চট্টগ্রাম ফেরত নেওয়ার সময় কি এসে গেছে? – বর্তমান বাংলা

PoK নয়, নোয়াখালি, সিলেট, চট্টগ্রাম ফেরত নেওয়ার সময় কি এসে গেছে? – বর্তমান বাংলা

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন: দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের

নিজস্ব প্রতিবেদন: পাক অধিকৃত কাশ্মীরের পাশাপাশি বাংলাদেশের নোয়াখালী, সিলেট এবং চট্টগ্রাম বন্দরকে ভারতের অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি, জওহরলাল নেহরুর আমলে যে এলাকাগুলি পাকিস্তানের হাতে চলে গিয়েছিল, সেগুলি ফিরিয়ে আনার এখনই উপযুক্ত সময়।

সম্প্রতি এক বক্তব্যে নিশিকান্ত দুবে দাবি করেন, ১৯৪৭ সালে প্রধানমন্ত্রী হওয়ার জন্য জওহরলাল নেহরু উদগ্রীব ছিলেন। তাঁর অভিযোগ, ১৯৪৬ সালে নোয়াখালিতে যে ভয়াবহ হিন্দু গণহত্যা হয়েছিল, তৎকালীন প্রধানমন্ত্রী নেহরু তা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেননি। উল্টে তিনি মুসলিম লিগকে নিয়ে সরকার গঠন করতেই বেশি আগ্রহী ছিলেন।

ত্রিপুরার ইতিহাসের প্রসঙ্গ টেনে বিজেপি সাংসদ দাবি করেন, অতীতে নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম অঞ্চল ত্রিপুরা রাজ্যের অংশ ছিল। সে সময় ত্রিপুরার রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য এই এলাকাগুলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং সিলেট ও চট্টগ্রামে গণভোটের দাবি জানিয়েছিলেন। পরবর্তীতে ১৯৪৮ সালের অক্টোবর মাসে মহারানি কাঞ্চন প্রভা ভারতভুক্তির চুক্তিতে স্বাক্ষর করলে ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হয়।

উত্তর-পূর্ব ভারতের অনুন্নয়নের জন্য চট্টগ্রাম বন্দর ভারতের হাতে না থাকাকেই দায়ী করেছেন নিশিকান্ত দুবে। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর ভারতের অংশ না হওয়ায় উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে। সাংসদের মতে, ওই অঞ্চলের খনিজ সম্পদ ও প্রাকৃতিক গ্যাসকে যথাযথভাবে কাজে লাগাতে এবং সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এই অঞ্চলগুলি পুনরুদ্ধার করা প্রয়োজন।

নিশিকান্ত দুবের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে সরকারিভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *