উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে করছাড়: আয়কর আইনের খুঁটিনাটি

ভারতে প্রচলিত আইন অনুযায়ী, উত্তরাধিকার সূত্রে পাওয়া স্থাবর বা অস্থাবর সম্পত্তির ওপর কোনো সরাসরি আয়কর দিতে হয় না। তবে সংশ্লিষ্ট সম্পত্তি হাতে পাওয়ার আগে মৃত ব্যক্তির মৃত্যুর তারিখ পর্যন্ত অর্জিত আয়ের ওপর প্রযোজ্য কর মেটানো এবং তাঁর আয়কর রিটার্ন দাখিল করা উত্তরাধিকারীর জন্য বাধ্যতামূলক। এছাড়া মৃত ব্যক্তির কোনো বকেয়া ঋণ থাকলে তা পরিশোধ না করা পর্যন্ত সম্পত্তির মালিকানা হস্তান্তরে আইনি জটিলতা দেখা দিতে পারে।
উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে ভবিষ্যতে কোনো আয় হলে, যেমন বাড়ি ভাড়া, শেয়ারের লভ্যাংশ বা ব্যাংকের সুদ, তবে তা করযোগ্য বলে বিবেচিত হবে। এই ধরণের আয় গোপন করলে জেল বা জরিমানার বিধান রয়েছে। এছাড়া উত্তরাধিকারী যদি প্রাপ্ত সম্পত্তিটি পরবর্তী সময়ে বিক্রি করেন, তবে স্থায়িত্বকাল অনুযায়ী স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী মূলধনী লাভের ওপর নির্ধারিত হারে কর দিতে হবে।
সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উত্তরাধিকারীদের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট, বিনিয়োগ এবং স্থাবর সম্পত্তির মালিকানার নথিপত্র বা রেকর্ড আপডেট করে নিতে হয়। আয়কর রিটার্ন ফাইলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির বিবরণ প্রদর্শন করা বাধ্যতামূলক না হলেও, সেই সম্পত্তি থেকে হওয়া লাভ বা আয়ের তথ্য সঠিকভাবে উল্লেখ করা প্রয়োজন। আইনি বিবাদ এড়াতে মৃত আত্মীয়ের সমস্ত বকেয়া কর ও ঋণ মিটিয়ে দেওয়া অত্যন্ত জরুরি।