সিপিএম ত্যাগের পথে প্রতীক উর রহমান, বিচ্ছেদ রুখতে আসরে বিমান বসু

সংগঠনের কর্মপদ্ধতির প্রতি অনাস্থা জানিয়ে সিপিএমের রাজ্য কমিটি ও প্রাথমিক সদস্যপদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন তরুণ নেতা প্রতীক উর রহমান। ডায়মন্ড হারবারের এই লড়াকু নেতা তথা এসএফআই-এর প্রাক্তন রাজ্য সভাপতি ইস্তফাপত্র জমা দেওয়ার পর থেকেই আলিমুদ্দিন স্ট্রিটে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বর্ষীয়ান নেতা বিমান বসু স্বয়ং তাঁর সাথে যোগাযোগ করেছেন এবং তাঁকে রাজ্য দপ্তরে আলোচনার জন্য ডেকেছেন।
প্রতীক উরের ঘনিষ্ঠ মহলের দাবি, দলের অন্দরে তোলা কিছু মৌলিক প্রশ্নের সদুত্তর না পেলে তাঁর পক্ষে কাজ চালিয়ে যাওয়া অসম্ভব। বুধবার রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক এবং পরবর্তী দু’দিন রাজ্য কমিটির সভা থাকলেও, সেখানে উপস্থিত হওয়া নিয়ে এখনও ধন্দ জিইয়ে রেখেছেন প্রতীক উর। বিমান বসুর সাথে সাক্ষাতের বিষয়টি তিনি স্বীকার করলেও, এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি।
দলের একাংশের মতে, গরিব সংখ্যালঘু পরিবার থেকে উঠে আসা প্রতীকের মতো প্রান্তিক শ্রেণির প্রতিনিধিকে হারানো সিপিএমের জন্য বড় ধাক্কা হবে। বিশেষ করে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে সঠিক বার্তা পৌঁছাতে তাঁকে দলে ধরে রাখা জরুরি বলে মনে করছেন শীর্ষ নেতৃত্ব। এর আগে সইফুদ্দিন চৌধুরী বা রেজ্জাক মোল্লার মতো নেতাদের দলত্যাগের ইতিহাস স্মরণে রেখে প্রতীকের ইস্তফা রুখতে মরিয়া আলিমুদ্দিন।