২০২৬ নির্বাচন: বঙ্গে বিজেপির ১০ ‘পরিবর্তন রথ’, ব্রিগেডে মেগা সমাবেশের প্রস্তুতি

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে নামছে রাজ্য বিজেপি। মঙ্গলবার সল্টলেকের বৈঠকে দশটি ‘পরিবর্তন রথ’ নামানোর চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে। শমীক ভট্টাচার্য ও কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে এই রণকৌশল স্থির হয়। শিলিগুড়ি, মালদহ ও মেদিনীপুরসহ দশটি কেন্দ্র থেকে এই রথযাত্রা শুরু হবে।
মূলত দোলযাত্রার পর থেকেই রাঢ়বঙ্গ, উত্তরবঙ্গ ও কলকাতা জোনে জনসংযোগ শুরু করবে গেরুয়া শিবির। মার্চের মাঝামাঝি ব্রিগেডে একটি বিশাল সমাবেশেরও পরিকল্পনা রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল। রাজ্যের বিভিন্ন প্রান্তের রথগুলি ব্রিগেডে এসে মিলিত হয়ে দলের শক্তিপ্রদর্শন করবে।
ভোটের ইস্তাহার তৈরিতেও বিজেপি অভিনবত্ব আনছে। জনমত সংগ্রহের মাধ্যমে স্থানীয় সমস্যাগুলিকে অগ্রাধিকার দিয়ে ইস্তাহার সাজানো হচ্ছে। সাংগঠনিক সক্রিয়তা বাড়িয়ে এবং রথযাত্রাকে হাতিয়ার করে ২০২৬-এর লড়াইয়ে নিজেদের প্রধান বিকল্প শক্তি হিসেবে তুলে ধরাই এখন পদ্ম শিবিরের মূল লক্ষ্য।