এআই সামিটে বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা: দুঃখপ্রকাশ করে ক্ষমা চাইলেন অশ্বিনী বৈষ্ণব
দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এর প্রথম দিনে নজিরবিহীন ভিড় ও অব্যবস্থাপনার জেরে ক্ষমা চাইলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উদ্বোধনী দিনে স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক প্রতিনিধিদের দীর্ঘ লাইন, নিরাপত্তা জনিত কড়াকড়ি এবং সমন্বয়হীনতার কারণে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ ‘ওয়ার রুম’ কাজ করছে বলে মঙ্গলবার মন্ত্রী জানান।
অভিযোগ উঠেছে, প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে কড়া নিরাপত্তার কারণে প্রদর্শকদের স্টল খালি করতে বাধ্য করা হয়। এর ফলে জনৈক উদ্যোক্তার মূল্যবান এআই ডিভাইস হারিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। এছাড়া নেটওয়ার্ক বিভ্রাট ও প্রবেশপথে বিভ্রান্তি নিয়ে স্টার্টআপ প্রতিনিধিরা অসন্তোষ প্রকাশ করেছেন। আয়োজকদের দাবি, বিপুল জনসমাগমের কারণেই এই সাময়িক বিপত্তি।
কেন্দ্রীয় মন্ত্রী বৈষ্ণব জানান, প্রথম দিনেই ৭০ হাজারের বেশি মানুষ যোগ দিয়েছেন। অভাবনীয় এই সাড়া সামলাতে খামতি থাকায় তিনি দুঃখপ্রকাশ করেছেন। তবে বর্তমানে পরিস্থিতি অনেক মসৃণ এবং ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই সামিটে ভিড় নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। গঠনমূলক ফিডব্যাক গ্রহণের মাধ্যমে আয়োজনে স্বচ্ছতা আনার আশ্বাস দিয়েছেন তিনি।