ডায়াবেটিস নিয়ন্ত্রণে কমলা ও আঙুর: কোন ফলটি বেশি উপকারী?

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে কমলাকে আঙুরের চেয়ে কিছুটা বেশি কার্যকর বলে বিবেচনা করা হয়। এর প্রধান কারণ হলো, কমলায় আঙুরের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কম কার্বোহাইড্রেট থাকে। এই কম কার্বোহাইড্রেট রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে বাধা দেয়।
কমলায় ফাইবারের পরিমাণও বেশি। আঙুরের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণে ফাইবার বা আঁশ থাকে কমলায়। এই দ্রবণীয় আঁশ হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়, যার ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। এটি রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি রোধ করার পাশাপাশি কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা পালন করে।
আঙুরে কার্বোহাইড্রেট ও চিনির পরিমাণ বেশি হওয়ায় এটি রক্তে শর্করার ওপর দ্রুত প্রভাব ফেলতে পারে। তবে পেস্ট্রি বা কুকিজের মতো প্রক্রিয়াজাত খাবারের তুলনায় আঙুর অনেক বেশি স্বাস্থ্যকর। কিছু গবেষণায় আঙুরের বীজের নির্যাস ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেলেও, মানুষের ওপর এর প্রভাব নিয়ে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে। আঙুরে ভিটামিন কে এবং পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, যা শরীরের জন্য উপকারী।
পুষ্টিবিদদের মতে, ফলের রস না খেয়ে গোটা ফল খাওয়াই সবচেয়ে ভালো। কারণ, রস তৈরির সময় ফলের প্রয়োজনীয় আঁশ বাদ পড়ে যায়। কমলা ও আঙুর উভয়ই টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। তবে ব্যক্তির শারীরিক অবস্থা এবং রক্তে শর্করার মাত্রা অনুযায়ী ফলের পরিমাণ নির্ধারণ করা জরুরি। সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে পরিমিত পরিমাণে দুটি ফলই খাওয়া যেতে পারে, তবে কোনোটিই অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা উচিত নয়।