সোভিয়েত পরবর্তী যুগে রাশিয়ার রেকর্ড প্রতিরক্ষা বাজেট: তিন বছরে সামরিক খাতে ৬০৬ বিলিয়ন ডলার বরাদ্দ

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমা সম্প্রতি ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত সময়ের জন্য কেন্দ্রীয় বাজেট অনুমোদন করেছে। এই বাজেট সোভিয়েত আমলের পর রাশিয়ার ইতিহাসে সামরিক খাতে সবচেয়ে বড় বরাদ্দ হিসেবে চিহ্নিত হয়েছে। মোট ১.৮৭ ট্রিলিয়ন ডলারের কেন্দ্রীয় বাজেটের প্রায় ৩৫.২ শতাংশ, অর্থাৎ ৬০৬ বিলিয়ন ডলার সামরিক খাতে বরাদ্দ করা হয়েছে। এই বরাদ্দ আগের তিন বছরের তুলনায় ১২১ বিলিয়ন ডলার বেশি।
২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কো সামরিক খাতে বিপুল অর্থ ব্যয় করে আসছে। নতুন বাজেটে এই ব্যয়ের পরিমাণ ধাপে ধাপে আরও বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এই ক্রমবর্ধমান সামরিক ব্যয় সামলাতে পুতিন সরকার সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের ওপর করের বোঝা বাড়াচ্ছে। নতুন বাজেটের আওতায় খনি সংস্থা এবং নাগরিকদের বিনিয়োগের আয়ের ওপর অতিরিক্ত কর আরোপ করা হবে।
একই সঙ্গে জনকল্যাণমূলক খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, আবাসনের জন্য বরাদ্দ ৮ শতাংশ, সামাজিক সহায়তা ও পেনশন ৬ শতাংশ এবং স্বাস্থ্য পরিষেবার বাজেট ৩ শতাংশ কমানো হচ্ছে। ব্যাপক সামরিক ব্যয় এবং মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে রাশিয়ার বাজেট ঘাটতি প্রত্যাশার চেয়েও বেড়েছে।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, উচ্চ সুদের হার, শ্রমিকের অভাব এবং ইউক্রেনের হামলার ফলে তেল শোধনাগার ও রফতানি ক্ষতিগ্রস্ত হওয়ায় রুশ অর্থনীতি বর্তমানে চাপের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে সামরিক খাতে রেকর্ড বরাদ্দ ভবিষ্যতে সংঘাত আরও দীর্ঘস্থায়ী হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।