মস্কোয় পুতিনের প্রশংসা কুড়োলেন ভারতীয় কিশোর রাউল জন আজু, ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের লক্ষ্য পূরণে বিশেষ ভূমিকা রাখছে তাঁর কাজ

মস্কোয় আয়োজিত ‘এআই জার্নি ২০২৬’ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা কুড়োলেন ভারতীয় কিশোর রাউল জন আজু। সম্মেলনে উপস্থিত তরুণ উদ্ভাবকদের সঙ্গে আলাপচারিতার সময় পুতিন রাউলের কাজের ভূয়সী প্রশংসা করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট জানান, তরুণ প্রজন্মের এই প্রযুক্তিগত উদ্ভাবন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের লক্ষ্য পূরণে বিশেষ ভূমিকা পালন করছে। এই বিশেষ মুহূর্তের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাউল।

কেরলের বাসিন্দা ১৭ বছর বয়সী রাউল জন আজু ছোট থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কাজ করছেন। মাত্র ৯ বছর বয়স থেকে প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করা রাউল বর্তমানে ‘এআই রিয়ালম টেকনোলজিস’-এর প্রতিষ্ঠাতা ও চিফ টেকনোলজি অফিসার। তিনি থিঙ্কক্রাফ্ট, আরইএসকিউ এআই এবং মি-বট-এর মতো একাধিক এআই-ভিত্তিক প্রকল্পের সঙ্গে যুক্ত।

এছাড়াও থিঙ্ক ক্রাফ্ট অ্যাকাডেমির মাধ্যমে তিনি পড়ুয়া ও পেশাদারদের নতুন প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে থাকেন। প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি এআই সচেতনতা বৃদ্ধিতেও রাউল সক্রিয়। বিভিন্ন আইআইটি ও বিশ্ববিদ্যালয়ে কর্মশালা পরিচালনার পাশাপাশি তিনি আটটি টেডএক্স (TEDx) বক্তৃতা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এআই সংক্রান্ত কনটেন্ট তৈরির মাধ্যমে তিনি পাঁচ লক্ষেরও বেশি অনুগামীর কাছে পৌঁছে গিয়েছেন। আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার প্রেসিডেন্টের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়ায় প্রযুক্তি মহলে নতুন করে চর্চায় উঠে এসেছেন এই তরুণ উদ্ভাবক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *