ত্রিপুরা পুরভোটে ৭৭টি ওয়ার্ডে আগেই জয়ী বিজেপি, বাকিগুলিতে চলছে ভোটগ্রহণ

ত্রিপুরায় পুরসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুক্রবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে। রাজ্যের মোট ৩৪৫টি ওয়ার্ডের মধ্যে শাসকদল বিজেপি ৭৭টি ওয়ার্ডে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এর মধ্যে পাঁচটি পুর এলাকার সবকটি ওয়ার্ডেই পদ্ম শিবির জয় পেয়েছে।

বাকি ২৬৮টি ওয়ার্ডে আজ ভোটগ্রহণ চলছে, যা বিকেল ৪টে পর্যন্ত চলবে। এই নির্বাচনে মোট ৭৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ৫ লক্ষ ৬৫ হাজার ৫১৩ জন ভোটার। শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন পুর এলাকায় মোট ৩৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যার মধ্যে শুধুমাত্র আগরতলাতেই রয়েছে ১৫ কোম্পানি বাহিনী।

মোট ৭০৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আগরতলা পুরনিগমের ৫১টি ওয়ার্ড ছাড়াও ১০টি পুরপরিষদ এবং পাঁচটি নগর পঞ্চায়েতে ভোট নেওয়া হচ্ছে। নির্বাচনের ময়দানে বিজেপির ২৬৫ জন, সিপিএমের ২২৮ জন, কংগ্রেসের ২০১ জন এবং তিপ্রা মথার ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিরোধী বাম ও কংগ্রেসের অভিযোগ, শাসকদলের সন্ত্রাসের কারণেই অনেক ওয়ার্ডে তারা প্রার্থী দিতে পারেনি। উল্লেখ্য, ২০২১ সালের পুরভোটে তৃণমূল কংগ্রেস একটি ওয়ার্ডে জয়ী হলেও এবারের নির্বাচনে তারা অংশগ্রহণ করছে না। আগামী ২ ডিসেম্বর এই নির্বাচনের ভোটগণনা অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *