ট্রাম্প-পুতিন ছবি ‘অদ্ভুত’, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ছবি পোস্ট করার বিষয়টিকে 'অদ্ভুত' বলে মন্তব্য করেছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একজন আগ্রাসী ও হত্যাকারীর সঙ্গে বন্ধুত্ব সম্ভব নয়। জেলেনস্কির মতে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের সঙ্গে বন্ধুত্বের কথা বলার মতোই অযৌক্তিক।

ট্রাম্পের দূতদের শান্তি আলোচনার প্রচেষ্টায় কিয়েভের চেয়ে মস্কোর অবস্থানের প্রতি বেশি পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন তিনি। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন ও প্রাণহানির ঘটনা ক্রমাগত বাড়ছে। জেলেনস্কি জানান, ইউক্রেনের আকাশসীমা রক্ষায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার তীব্র ঘাটতি রয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দিকে বেশি মনোযোগ দেওয়ায় ইউক্রেনকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে দেরি হচ্ছে। এছাড়া স্টারলিংক ও স্টারশিল্ডের ব্যবহার সীমিত রাখা নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। ইউক্রেনের ড্রোন ইউনিটগুলোও রাশিয়ার শাহেদ ড্রোনের মোকাবিলায় প্রযুক্তিগত সীমাবদ্ধতার কথা জানিয়েছে।

আসন্ন শীতকাল নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেলেনস্কি জানান, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজধানী কিয়েভকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে রাশিয়া। তবে যেকোনো মূল্যে রাজধানী রক্ষার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন জেলেনস্কি। তিনি আন্তর্জাতিক মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগ্রাসনের বিরুদ্ধে নিরপেক্ষ থাকার ভান করা মানে পরোক্ষভাবে আগ্রাসীকেই সমর্থন করা। ইউক্রেনের অস্তিত্ব রক্ষায় প্রকৃত সহযোগীদের কার্যকর চাপ প্রয়োগের অনুরোধ জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *