৩০ বছরের শিক্ষকতা, মন্ত্রী হয়েও ভুললেন না ক্ষুদিরাম টুডু, পুরনো স্কুলে ফিরে নিলেন ক্লাস

রাজ্যের আদিবাসী উন্নয়ন ও সংখ্যালঘু বিষয়ক দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু বৃহস্পতিবার তাঁর পুরনো কর্মস্থল বর্ধমানের বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ে হঠাৎই উপস্থিত হন। মন্ত্রী হওয়ার আগে তিনি দীর্ঘ ৩০ বছর এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
প্রশাসনিক কাজে পূর্ব বর্ধমান সফরে গিয়ে ব্যস্ততার মধ্যেও তিনি সময় বের করে তাঁর প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে যান। স্কুলে পৌঁছেই তিনি ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে পড়ুয়াদের বাংলা পড়ান।
শিক্ষক হিসেবে পুরনো সহকর্মীদের সঙ্গে দেখা করার পাশাপাশি তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন। মন্ত্রী হওয়ার পর তাঁর প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতার কথাও তিনি পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে কাছে পেয়ে খুশি হয়। বাঁকুড়ার বাসিন্দা ক্ষুদিরাম টুডু শিক্ষকতার সূত্রে দীর্ঘদিন বর্ধমান শহরে বসবাস করেছেন। বর্তমানে মন্ত্রী হিসেবে রাজ্যের নানা দায়িত্ব সামলালেও শিক্ষকতার প্রতি তাঁর টান আজও অটুট। স্কুল থেকে ফেরার সময় তিনি পড়ুয়াদের আশ্বস্ত করে বলেন, সুযোগ পেলেই তিনি আবার সময় বের করে প্রিয় এই বিদ্যালয়ে ফিরে আসবেন।