শান্তিপুরের ভাঙা রাসে ‘রাইরাজা’: এক অনন্য ঐতিহ্য ও নারীশক্তির প্রতীক

শান্তিপুরের রাস উৎসবের এক বিশেষ আকর্ষণ হলো ‘ভাঙা রাস’। এই উৎসবটি বাংলার মধ্যে একমাত্র শান্তিপুরেই পালিত হয়। এই ভাঙা রাসের মূল কেন্দ্রবিন্দুতে থাকেন ‘রাইরাজা’। তিনি শাড়ি, অলংকার, ফুল, চন্দন ও তিলের সাজে রাধার রাজবেশ ধারণ করে নগর পরিক্রমায় অংশ নেন। তাঁকে এক ঝলক দেখার জন্য রাস্তার দু’ধারে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী ভিড় জমান। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই শোভাযাত্রা দেখতে শান্তিপুরে আসেন।
রাইরাজার সঙ্গে একটি পৌরাণিক কাহিনি জড়িত। প্রচলিত আছে, বৃন্দাবনে শ্রীকৃষ্ণের রাসলীলায় মহাদেব ছদ্মবেশে প্রবেশ করলে কৃষ্ণ অভিমান করে রাস ত্যাগ করেন। এতে ব্যথিত হয়ে গোপিনীদের অনুরোধে রাধা রাজবেশ ধারণ করেন। সেই থেকেই রাইরাজার প্রচলন। এই রূপের মধ্য দিয়ে রাধার প্রেম, ভক্তি এবং স্বতন্ত্র সত্তার প্রকাশ ঘটে।
একসময় শুধুমাত্র ব্রাহ্মণ পরিবারের কন্যারা রাইরাজা সাজতেন, তবে বর্তমানে অন্য বর্ণের নাবালিকারাও এই ভূমিকায় অংশ নিচ্ছেন। অনেকের মতে, এটি নারীশক্তি ও নারীর স্বতন্ত্র পরিচয়ের এক সাহসী প্রকাশ। রাইরাজার প্রচলন নিয়ে একাধিক মত রয়েছে। কেউ কেউ মনে করেন, নবদ্বীপের শাক্ত রাসের সঙ্গে পাল্লা দিতে শান্তিপুরের গোস্বামীরা এই বর্ণাঢ্য শোভাযাত্রার পরিকল্পনা করেছিলেন। আবার অন্য মতে, রাসের জনপ্রিয়তা বজায় রাখতে বৈষ্ণবদের নগরকীর্তনের আদলে এই শোভাযাত্রার সূচনা হয়। অদ্বৈত আচার্যের উত্তরসূরিদের মতে, অদ্বৈত আচার্য নিজের নারায়ণ শিলা এবং মদনগোপাল জিউকে কেন্দ্র করে এই রাসের সূচনা করেছিলেন। ইতিহাস, পৌরাণিক কাহিনি ও লোকাচারের মেলবন্ধনে আজও শান্তিপুরের ভাঙা রাস ও রাইরাজা ঐতিহ্যকে জীবন্ত করে রেখেছেন।