প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচারাধীন বন্দির রহস্যজনক মৃত্যু, তদন্তে লালবাজারের হোমিসাইড শাখা

প্রেসিডেন্সি সংশোধনাগারে মহম্মদ আলি (৪৪) নামে এক বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সংশোধনাগার চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত মহম্মদ আলির বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানা এলাকার বাঁকড়া-বাঁশতলায়। তিনি দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচারাধীন বন্দি হিসেবে ছিলেন।
বৃহস্পতিবার সংশোধনাগারে নিয়মমাফিক বন্দিদের গণনা করার সময় তাঁর খোঁজ পাওয়া যায়নি। পরে ৪৪ নম্বর ওয়ার্ডের পাশের একটি সংকীর্ণ গলিতে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বন্দির মাথার পিছনে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মহম্মদ আলির বিরুদ্ধে এন্টালি ও শিয়ালদহ জিআরপিতে মাদক পাচারসহ একাধিক মামলা ছিল। এই ঘটনার তদন্তে নেমেছে হেস্টিংস থানার পুলিশ। লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারাও ঘটনাস্থলে পৌঁছেছেন। বন্দির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। অন্য কোনো বন্দির সঙ্গে তাঁর সংঘর্ষ হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সংশোধনাগার কর্তৃপক্ষের সহায়তায় পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পরীক্ষা করছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও শুরু হয়েছে।