ট্রাফিক আইন ভাঙলেই বাড়বে গাড়ির বিমার প্রিমিয়াম, কঠোর হচ্ছে কেন্দ্র

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক মোটর বীমা ব্যবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব নিয়ে কাজ করছে। এর মধ্যে অন্যতম প্রধান প্রস্তাব হলো, ট্রাফিক আইন লঙ্ঘনের রেকর্ডের সঙ্গে বীমা প্রিমিয়ামের সরাসরি যোগসূত্র স্থাপন করা।

এই প্রস্তাব কার্যকর হলে, যেসব চালকের বিরুদ্ধে একাধিকবার ট্রাফিক আইন ভাঙার অভিযোগ থাকবে, তাদের বীমা নবীকরণের সময় বাড়তি প্রিমিয়াম দিতে হতে পারে। আইন লঙ্ঘনের সংখ্যা ও তীব্রতার ওপর ভিত্তি করে এই অতিরিক্ত খরচ নির্ধারিত হবে, যা চালকদের আরও সতর্কভাবে গাড়ি চালাতে উৎসাহিত করবে। তবে এই নিয়ম এখনও চূড়ান্ত হয়নি।

দীর্ঘমেয়াদী বীমা পলিসির ক্ষেত্রেও নতুন প্রস্তাব আনা হয়েছে। এর আওতায় চার চাকার গাড়ির জন্য চার বছর এবং টু-হুইলারের জন্য ছয় বছরের একক প্রিমিয়ামের পলিসি চালুর কথা ভাবছে সরকার।

এছাড়াও, বীমাবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ‘নো ইন্স্যুরেন্স, নো ফুয়েল’ নীতি নিয়ে একটি পাইলট প্রকল্প শুরু হতে পারে। উত্তর প্রদেশ ও হরিয়ানার ১০টি পেট্রোল পাম্পে এএনপিআর ক্যামেরা বসিয়ে গাড়ির বীমা যাচাই করা হবে। বৈধ বীমা না থাকলে ওইসব পাম্পে জ্বালানি পাওয়া যাবে না।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতে প্রায় ২৫ কোটি সক্রিয় যানবাহনের মধ্যে ৮১ শতাংশের বৈধ বীমা রয়েছে। এর মধ্যে ভারী বাণিজ্যিক যানবাহনের বীমা কভারেজ ৯০ শতাংশের বেশি হলেও থ্রি-হুইলারের ক্ষেত্রে তা মাত্র ৫৭ শতাংশ। মোটর ভেহিকেল অ্যাক্ট, ১৯৮৮ অনুযায়ী থার্ড-পার্টি বীমা বাধ্যতামূলক।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রাপ্তি সহজতর করার লক্ষ্যেই সরকার এই নতুন নিয়মগুলো পর্যালোচনা করছে। তবে দেশব্যাপী এই পরিবর্তনের চূড়ান্ত রূপরেখা ও সময়সীমা এখনও ঘোষণা করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *