বিজেপিতে ক্ষমতা কেন্দ্রীকরণ: বিধায়ক-মণ্ডল নেতাদের একক সিদ্ধান্তে রাশ টানল রাজ্য

রাজ্য বিজেপির সাংগঠনিক কাঠামোয় শৃঙ্খলা ফেরাতে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য নেতৃত্ব। এই নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে দলের বিধায়ক কিংবা মণ্ডল স্তরের নেতারা এককভাবে কোনো সাংগঠনিক বা প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারবেন না।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের প্রতিটি স্তরে সমন্বয় বজায় রাখতে এবং নিয়ন্ত্রণ আরও আঁটসাঁট করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, জেলা সভাপতির অনুমোদন ছাড়া কোনো বিষয়েই পদক্ষেপ করার সুযোগ থাকবে না।
কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জেলা কোর কমিটির সম্মতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কোর কমিটির অনুমোদনের পর জেলা সভাপতি সেই প্রস্তাব রাজ্য নেতৃত্বের কাছে পাঠাবেন। রাজ্য নেতৃত্বের চূড়ান্ত সবুজ সংকেত মিললেই তবেই সেই সিদ্ধান্ত জেলায় কার্যকর করা সম্ভব হবে।
দলের অন্দরে একক ক্ষমতার চর্চা কমিয়ে সাংগঠনিক স্তরভিত্তিক অনুমোদন প্রক্রিয়াকে গুরুত্ব দিতে চাইছে বিজেপি। নীচুতলার নেতারা যাতে নিজেদের মতো করে কোনো কর্মসূচি বা সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি না করতে পারেন, তা নিশ্চিত করাই এই কড়াকড়ির মূল লক্ষ্য। এর মাধ্যমে রাজ্যের নির্দেশ ও সংগঠনের অবস্থানের সঙ্গে স্থানীয় সিদ্ধান্তের সামঞ্জস্য বজায় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে। বিধায়ক থেকে শুরু করে মণ্ডল স্তরের নেতাদের একক সিদ্ধান্ত গ্রহণের প্রবণতায় রাশ টেনে দলের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও কেন্দ্রীভূত করতে চাইছে রাজ্য নেতৃত্ব। জেলা থেকে রাজ্য পর্যন্ত অনুমোদনের এই নতুন কাঠামো চালুর মাধ্যমে দলের শৃঙ্খলা রক্ষার বার্তাই স্পষ্ট করতে চাইছে বিজেপি।