কোচবিহারে চিকিৎসা বিভ্রাট: সরকারি নথিতে গর্ভবতী, আল্ট্রাসোনোগ্রাফিতে নেগেটিভ

কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়িতে এক নজিরবিহীন চিকিৎসা বিভ্রাটের অভিযোগ উঠেছে। এক দম্পতি নিঃসন্তান হওয়ায় দীর্ঘদিনের অপেক্ষার পর যখন জানতে পারেন যে তাঁরা সন্তান ধারণ করতে চলেছেন, তখন তাঁদের পরিবারে খুশির পরিবেশ তৈরি হয়। কিন্তু তিন মাস পর আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে দেখা যায়, ওই মহিলা গর্ভবতী নন। এই ঘটনায় স্বাস্থ্য পরিষেবার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

হলদিবাড়ি ব্লকের বাসিন্দা ৪২ বছর বয়সি কনিকা বণিক সরকার জুলাই মাসে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে প্রেগন্যান্সি টেস্ট করান। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসকেরা তাঁকে গর্ভবতী বলে নিশ্চিত করেন। এরপর সরকারি নিয়ম মেনে হলদিবাড়ি পুরসভার হেলথ সাব-সেন্টারে তাঁর নাম নথিভুক্ত করা হয় এবং তিনি মাতৃত্বকালীন কার্ডসহ যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা পেতে শুরু করেন।

কিন্তু তিন মাস পর নিয়ম অনুযায়ী আল্ট্রাসোনোগ্রাফি করানোর প্রয়োজন হলে দম্পতি একটি বেসরকারি ক্লিনিকে পরীক্ষা করান। সেই রিপোর্টে দেখা যায়, কনিকা দেবী আদৌ গর্ভবতী নন। এরপর মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল ও একজন বেসরকারি স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শে পুনরায় আল্ট্রাসোনোগ্রাফি করানো হলেও রিপোর্ট নেগেটিভ আসে। পরপর দুবার নেগেটিভ রিপোর্ট আসায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই নিঃসন্তান দম্পতি।

হলদিবাড়ি হাসপাতালের হেলথ অফিসার ডাঃ মহম্মদ সমসাগস জানিয়েছেন, প্রেগন্যান্সি পরীক্ষার কিটে ত্রুটি থাকলে এমন বিভ্রাট হওয়া সম্ভব। তবে এই ঘটনার নেপথ্যে কার গাফিলতি রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। ভুক্তভোগী পরিবার ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছে। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাঃ তাপস কুমার দাস এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *