নিম করোলি বাবার জীবন অবলম্বনে তৈরি ‘হনুমান অংশ’ এবার ওটিটিতে, জানুন মুক্তির তারিখ

মাত্র দুই কোটি টাকা বাজেটে নির্মিত সিনেমা ‘হনুমান অংশ’ বক্স অফিসে অভাবনীয় সাফল্য পেয়েছে। নির্মাতাদের দাবি অনুযায়ী, বিশ্বজুড়ে ছবিটি ৪৫০ কোটি টাকারও বেশি আয় করেছে। এবার এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে।
পরিচালক বিশাল চতুর্বেদীর লেখা বই ‘ডিভাইন ডিটুর: দ্যাট চেঞ্জড মাই লাইফ’ অবলম্বনে তৈরি এই ছবিটি নিম করোলি বাবার জীবন ও দর্শনের ওপর ভিত্তি করে পরিকল্পিত তিনটি ছবির সিরিজের প্রথম পর্ব। শোভিনব সত্যা কেন্দ্রীয় চরিত্র লক্ষ্মী নারায়ণ বা নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন। বিহান শেঢ়গে, চন্দন কে আনন্দ, পূর্ণিমা তিওয়ারি, অনিল রাস্তোগি এবং গুলশন পাণ্ডে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। স্বাধীনতার আগের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে এক বালকের আধ্যাত্মিক হয়ে ওঠার যাত্রা ফুটিয়ে তোলা হয়েছে।
গত ৭ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকের মুখে মুখে প্রচারের জেরে ছবিটির ব্যবসার গতি বৃদ্ধি পায়। আগামী ২৭ নভেম্বর থেকে সোনিলিভে ছবিটির হিন্দি সংস্করণ দেখা যাবে। এর দুদিন পর, অর্থাৎ ২৯ নভেম্বর নেটফ্লিক্সে ছয়টি ভাষায় ছবিটি মুক্তি পাবে। প্রেক্ষাগৃহের সাফল্যের পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের দর্শকের কাছে নিম করোলি বাবার জীবনকাহিনি পৌঁছে দিতে প্রস্তুত নির্মাতারা।